
নিউজিল্যান্ডকে দাপটের সঙ্গে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট আর ১৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় প্রোটিয়ারা। আহমেদাবাদে ঝড়ো ব্যাটিংয়ে শুরুতেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে টানা তৃতীয় জয় তুলে নেয় তারা, প্রতিষ্ঠা করে নিজেদের ফেভারিট তকমার যথার্থতা।
ঝড়ো সূচনার পর রান তাড়া কঠিন হওয়ার সুযোগই পায়নি। ১৩ বলে ২০ রান করেকু ইন্টন ডি কক আউট হলে পঞ্চম ওভারে ভাঙে উদ্বোধনী জুটি। তবে অন্য প্রান্তে ছিলেন অধিনায়ক এইডেন মার্করাম ৪৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। মাত্র ১৯ বলেই পূর্ণ করেন ফিফটি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দ্রুততম পঞ্চাশ। এর আগে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২১ বলে ফিফটি করেছিলেন ডি কক—সেই রেকর্ডও ভেঙে দেন মার্করাম।
মার্করামের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে মাত্র ৭.৩ ওভারেই দলীয় শতরান পূর্ণ করে দক্ষিণ আফ্রিকা, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় দ্রুততম দলীয় ১০০। এরপর জয় ছিল কেবল সময়ের ব্যাপার।
এর আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল শুরুটা করেছিল আক্রমণাত্মক ভঙ্গিতে। পাওয়ার প্লের ৬ ওভারে তারা তোলে ৮৩ রান, যদিও হারায় ৩ উইকেট। ১৪ ওভারে স্কোর দাঁড়ায় ১৩৮। কিন্তু মাঝের ওভারে হঠাৎ ধস নামে—৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে গতি হারায় কিউইরা। শেষ পর্যন্ত ১৭৫ রাতের বড় সংগ্রহ গড়ে তারা।
দলের পক্ষে ২৬ বলে ৬ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪৮ রান করেন মার্ক চাপম্যান। বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে দারুণ পারফর্ম করেন মার্কো ইয়ানসেন, তুলে নেন ৪ উইকেট। তার বোলিংয়েই চাপে পড়ে নিউজিল্যান্ড এবং সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।










































