
ছবি: সংগৃহীত
টি–টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে সুপার এইটের ক্ষীণ স্বপ্ন বাঁচিয়ে রাখল যুক্তরাষ্ট্র। আগের ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর পর এবার চেন্নাইয়ে নামিবিয়াকে ৩১ রানে পরাজিত করেছে মার্কিনিরা। চার ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে প্রথম পর্ব শেষ করেছে দলটি।
এই জয়ে ভারত ও পাকিস্তানের ওপরও কিছুটা চাপ তৈরি হয়েছে। শেষ দুই ম্যাচে তাদের যে কোনো একটি দল হেরে গেলে নেট রান রেটের হিসাবে সুপার এইটে ওঠার সুযোগ পেতে পারে যুক্তরাষ্ট্র।
স্বপ্ন বাঁচানোর ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯৯ রান তোলে যুক্তরাষ্ট্র। আর একটি রান হলেই সহযোগী সদস্য হিসেবে স্কটল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপে ২০০ স্পর্শ করত তারা। তবে শেষ বলে রান নিতে না পারায় সেই কীর্তি ছোঁয়া হয়নি।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রানে অপরাজিত ছিলেন ২২ বছর বয়সী অলরাউন্ডার সঞ্জয় কৃষ্ণমূর্তি। ৩৩ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় সাজানো ইনিংসটি ছিল তার আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ৩০ বলে ৫০ রান করে ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ওপেনিং জুটিতে উইকেটকিপার শায়ান জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে ৬.৫ ওভারে ৬৮ রান যোগ করে দলকে শক্ত ভিত এনে দেন তিনি। সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই শেষ দিকে ঝড় তোলেন কৃষ্ণমূর্তি।
২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করতে পারে নামিবিয়া। ওপেনার লোরেন স্টিনক্যাম্প ৩৯ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন। ইয়ান ফ্রাইলিঙ্ককে নিয়ে উদ্বোধনী জুটিতে ৫.২ ওভারে ৫৪ রান তুলেছিলেন তিনি। তবে ১৩তম ওভারে তার বিদায়ের পর রান তাড়ার গতি ধরে রাখতে পারেনি নামিবিয়ানরা।
বল হাতে যুক্তরাষ্ট্রের হয়ে দারুণ পারফর্ম করেন শ্যাডলি ফন শালকভিক। ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন এই পেসার। ভারত ও পাকিস্তানের বিপক্ষেও চার উইকেট নেওয়া শালকভিকের মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে, যা তাকে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির আসনে বসিয়েছে।
এই হারে এক ম্যাচ বাকি থাকতেই প্রথম পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে নামিবিয়ার। তিন ম্যাচের তিনটিতেই হেরেছে দলটি। অন্যদিকে যুক্তরাষ্ট্র অপেক্ষা করছে গ্রুপের বাকি ম্যাচগুলোর ফলের দিকে, যেখানে নেট রান রেটই নির্ধারণ করবে তাদের ভাগ্য।










































