
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত জাতীয় ক্রিকেট দল ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। তবে মাঠের লড়াই শুরুর আগেই আলোচনায় উঠে আসে পুরোনো ‘হ্যান্ডশেক ইস্যু’।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। কিন্তু টসের পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে করমর্দন করেননি তিনি। ফলে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও দুই দলের মধ্যে সৌজন্যের সেই অনুপস্থিতি আবার দেখা গেল।
এর আগে সংযুক্ত আরব আমিরাতে হওয়া এশিয়া কাপেও একাধিকবার একই ঘটনা ঘটেছিল। যদিও সাম্প্রতিক সময়ে লাহোরে বৈঠকে পাকিস্তান পক্ষ থেকে করমর্দনের অনুরোধ জানানো হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে, বাস্তবে তার প্রতিফলন দেখা গেল না।
পরিসংখ্যানে বড় ব্যবধানে এগিয়ে ভারত। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১৬ দেখায় ভারতের জয় ১৩টিতে, পাকিস্তানের মাত্র ৩টি। বিশ্বকাপের লড়াইয়েও ভারতের আধিপত্য স্পষ্ট (৭–১)।
এদিকে বৃষ্টির শঙ্কা রয়েছে ম্যাচে। ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই পাবে ১ পয়েন্ট করে। বর্তমানে ‘এ’ গ্রুপে উভয় দলেরই পয়েন্ট ৪, ফলে পয়েন্ট ভাগাভাগি হলে দুই দলই ৫ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করবে।
পাকিস্তান যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ী একাদশেই মাঠে নেমেছে। অন্যদিকে ভারত দলে ফিরেছেন কুলদ্বীপ যাদব, একাদশে আছেন অভিশেক শর্মাও।










































