শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
শেয়ার

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি


ncp-july-sonod

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সরকারি বাসভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে এ স্বাক্ষর সম্পন্ন হয়।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন-এর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সন্ধ্যা ৬টার দিকে যমুনায় পৌঁছায়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়। সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী-সহ ২৪টি রাজনৈতিক দল ও জোট সনদে সই করে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও স্বাক্ষর করেন। পরে আরও একটি দল এতে যুক্ত হয়। তবে সে সময় এনসিপি সনদে স্বাক্ষর করেনি।

সনদে সই না করার বিষয়ে এনসিপি তখন তিনটি দাবি তুলে ধরেছিল। এর মধ্যে ছিল—সনদ বাস্তবায়ন আদেশের খসড়া আগেই প্রকাশ, প্রধান উপদেষ্টার মাধ্যমে তা জারি করা এবং গণভোটে পক্ষে রায় এলে ‘নোট অব ডিসেন্ট’ অকার্যকর হওয়া। এছাড়া গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচিত সংসদের মাধ্যমে সংবিধান সংস্কার করে নতুন নাম ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’ করার প্রস্তাবও ছিল তাদের দাবির অংশ।

জুলাই সনদ স্বাক্ষরের আগের দিন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছিলেন, কোনো রাজনৈতিক দল তাৎক্ষণিকভাবে সই না করলেও পরবর্তী সময়ে স্বাক্ষরের সুযোগ থাকবে। সেই সুযোগেই অবশেষে সনদে যুক্ত হলো এনসিপি।