
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় সেটিকে শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ-সংক্রান্ত গেজেট জারি করে ইসি সচিবালয়। গেজেটে বলা হয়, নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ এবং ১৯০ ঢাকা-১৭ থেকে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) দফা অনুযায়ী ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন কমিশনের কাছে স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করেছেন।
এর পরিপ্রেক্ষিতে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। এর আগে একই দিন বিকেলে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ইসিতে আনুষ্ঠানিক চিঠি দেন বিএনপি চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭—দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।
তবে সংবিধান অনুযায়ী একাধিক আসনে বিজয়ী হলে কেবল একটি আসনের প্রতিনিধিত্ব করা যায়। আগামী মঙ্গলবার তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, আইন অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে একাধিক আসনে জয়ী হলে তাকে একটি আসন বেছে নিতে হয় এবং বাকি আসনগুলো ছেড়ে দিতে হয়। শূন্য হওয়া আসনগুলোতে পরবর্তীতে বিধি অনুযায়ী উপনির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন।









































