শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শেয়ার

দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল


Aminul Islam Bulbul

ফাইল ছবি

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

বিসিবি সিইও জানান, পারিবারিক কারণে বুলবুল দেশের বাইরে গেছেন এবং অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে কয়েক সপ্তাহের মধ্যে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

বোর্ডের একটি সূত্র জানায়, দেশ ছাড়ার আগে বিসিবি পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রমজানের শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন সভাপতি। সেখানে তিনি উল্লেখ করেন, জরুরি পারিবারিক প্রয়োজনে দেশের বাইরে যাচ্ছেন এবং দ্রুতই ফিরে আসবেন।

এরই মধ্যে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়ের পর থেকেই বিসিবিতে অস্থিরতা নিয়ে আলোচনা চলছে ক্রিকেটাঙ্গনে। বোর্ড পরিচালকদের অভ্যন্তরীণ কোন্দল এবং সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এদিকে বিসিবির প্রধান প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু সোমবার বিসিবি প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বর্তমান অচলাবস্থা কাটবে।

তিনি বলেন, নতুন সরকার শপথ নেওয়ার পর সবকিছু নিয়মের মধ্যে ফিরবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ক্লাবগুলোর সঙ্গে বিসিবির যে দূরত্ব তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডের অধীনে বেশ কয়েকটি ক্লাব ঘরোয়া লিগে অংশগ্রহণে অনীহা প্রকাশ করেছিল। ‘বিসিবি বনাম ক্লাব’ দ্বন্দ্ব প্রসঙ্গে নান্নু স্পষ্ট করে বলেন, ক্রিকেটের স্বার্থে কোনো আপস করা যাবে না।

তার ভাষ্য, “আমাদের কাছে ক্রিকেটই সবার আগে। সব কিছুর উপরে বাংলাদেশ—এই নীতি মেনেই এগোতে হবে। খেলার মাঠে কোনো আপস নেই। আমরা চাই সবার জন্য একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য সমাধান আসুক।”