বুধবার । জুন ৩, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
শেয়ার

আমিরাতকে উড়িয়ে অপরাজিত থেকেই সুপার এইটে দক্ষিণ আফ্রিকা


south-africa

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতিটা দারুণভাবে সেরে নিল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়েছে তারা। এই জয়ের ফলে গ্রুপ ‘ডি’-তে খেলা চারটি ম্যাচের চারটিতেই জিতে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে পরবর্তী রাউন্ডে পা রাখল গত আসরের রানার্সআপরা।

টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক এইডেন মারক্রাম। সুপার এইট নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে অভিজ্ঞ ক্রিকেটার ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশভ মহারাজ ও লুঙ্গি এনগিডিকে বিশ্রাম দেয় প্রোটিয়া শিবির।

ব্যাটিংয়ে নেমে সংযুক্ত আরব আমিরাতের দুই ওপেনার আরিয়ানশ শর্মা (১৩) ও ওয়াসিম মুহাম্মদ (২২) ভালো শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। করবিন বশ ও জর্জ লিন্ডে তাদের দ্রুত সাজঘরে ফেরান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন আলিশান শারাফু। তবে শেষ ৪ ওভারে প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২০ রান তুলতে পারে ইউএই। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২২ রানে থামে তাদের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট শিকার করেছেন করবিন বশ। ২ উইকেট নেন অ্যানরিখ নরকিয়া। ১ উইকেট তুলেছেন জর্জ লিন্ডে।

লক্ষ্য তাড়ায় নামার আগে বৃষ্টির বাধায় কিছুক্ষণ খেলা বন্ধ থাকলেও, শুরুতেই ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক এইডেন মারক্রাম। মাত্র ১১ বলে ২৮ রানের এক বিধ্বংসী ক্যামিও খেলে জয়ের পথ সহজ করে দেন তিনি। এরপর রায়ান রিকেলটন (৩০) এবং তরুণ সেনসেশন ডিওয়াল্ড ব্রেভিস (৩৬) রানের গতি বজায় রেখে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। শেষ পর্যন্ত ১৪তম ওভারেই অর্থাৎ ৪০ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

আমিরাতের হয়ে মোহাম্মদ আফরান, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মোহাম্মদ ফারুক এবং হায়দার আলী ১টি করে উইকেট শিকার করেছেন।

এই হারের ফলে কানাডার বিপক্ষে একমাত্র জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করল সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে, গ্রুপের সবকটি ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে থেকেই সুপার এইট মিশন শুরু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।