শনিবার । মার্চ ২১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
শেয়ার

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ


bangladesh-team

ফাইল ছবি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল। তবে বৈশ্বিক আসরের পরবর্তী সংস্করণে সরাসরি জায়গা নিশ্চিত করেছে টাইগাররা। ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ—এ তথ্য নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির নির্ধারিত কোয়ালিফিকেশন নীতিমালা অনুযায়ী, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে খেলা ৮ দল স্বয়ংক্রিয়ভাবে ২০২৮ আসরে সুযোগ পাবে। এর সঙ্গে থাকবে স্বাগতিক ২ দেশ এবং নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আরও ২ দল।

সেই হিসেবে এবারের বিশ্বকাপে সুপার এইটে ওঠা ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান ইতোমধ্যে ২০২৮ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে স্বাগতিক দেশ হিসেবে অস্ট্রেলিয়াও সরাসরি খেলবে।

নিউজিল্যান্ড স্বাগতিক হওয়ায় তারা সুপার এইটে উঠলেও স্বাগতিক কোটায়ই অংশ নেবে। ফলে র‍্যাঙ্কিং থেকে অতিরিক্ত একটি দল সুযোগ পাচ্ছে। এ সুযোগে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড সরাসরি জায়গা নিশ্চিত করেছে।

আইসিসি জানিয়েছে, আগামী ৯ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হবে। ওই সময়ের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নির্ধারিত নেই। ফলে তাদের র‍্যাঙ্কিংয়ে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। বর্তমান অবস্থানে ১০ম, ১১তম ও ১২তম স্থানে থাকায় এই তিন দেশই সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে।

সব মিলিয়ে, চলমান আসরে না খেললেও ভবিষ্যতের মেগা ইভেন্টে জায়গা নিশ্চিত হওয়ায় স্বস্তিতে বাংলাদেশ শিবির। এখন লক্ষ্য প্রস্তুতি নিয়ে ২০২৮ বিশ্বকাপে শক্তভাবে প্রত্যাবর্তন।