
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দাপট বজায় রেখে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও সহজ জয় পেয়েছে ভারত। টুর্নামেন্টের ৩৬তম ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে ৪টি জয় নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইটের টিকিট নিশ্চিত করল স্বাগতিকরা।
আহমেদাবাদে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তারা। জবাবে লড়াই করেও ১৭৬ রানে থেমে যায় নেদারল্যান্ডস। ব্যাট ও বল হাতে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হন শিভাম দুবে।
১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই করেছিল নেদারল্যান্ডস। দুই ওপেনার মাইকেল লেভিট ও ম্যাক্স ও’ডাউড ৩৫ রানের জুটি গড়েন। ও’ডাউড ১৮ বলে ২০ রান করে আউট হন, লেভিট বিদায় নেন ২৪ রানে। এরপর বাস ডি লিড ও কলিন অ্যাকারম্যান তৃতীয় উইকেটে ২৬ বলে ৪৩ রানের জুটি গড়ে রানের গতি বাড়ান।
তবে মাঝের ওভারগুলোতে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ডাচরা। শেষ পাঁচ ওভারে প্রয়োজন ছিল ৭৬ রান। জ্যাক লায়ন ক্যাচেট ও নোয়া ক্রস ২৩ বলে ৪৭ রানের ঝড়ো জুটি গড়ে আশা জাগালেও সমীকরণ কঠিনই থেকে যায়। জ্যাক লায়ন ১৬ বলে ২৬ রান করে ফিরলে ম্যাচ কার্যত হাতছাড়া হয়ে যায়। ১২ বলে ২৫ রানের লড়াকু ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি নোয়া ক্রস। শেষ পর্যন্ত ১৭৬ রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস।
ভারতের হয়ে বল হাতে দারুণ উজ্জ্বল ছিলেন বরুণ চক্রবর্তী। তিনি মাত্র ১৪ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া ব্যাট হাতে ৬৬ রান এবং বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন অলরাউন্ডার শিভাম দুবে।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৬৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। টানা তৃতীয় ম্যাচে শূন্য রানে আউট হন অভিষেক শর্মা। ইশান কিশান করেন ১৪ রান। তিলক ভার্মা ৩১ এবং সূর্যকুমার যাদব ৩৪ রানের ইনিংস খেলেন।
তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শিভাম দুবে ও হার্দিক পান্ডিয়া। দুবে ৩১ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। হার্দিক ২১ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। তাদের ব্যাটেই ১৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ভারত। নেদারল্যান্ডসের হয়ে লগান ফন বিক ৩টি এবং আরিয়ান দত্ত ২টি উইকেট নেন।
চার ম্যাচে চার জয় নিয়ে দারুণ ছন্দে থাকা ভারত এখন সুপার এইটে আরও কঠিন চ্যালেঞ্জের অপেক্ষায়।










































