রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা


Pronoy-varma

ফাইল ছবি

বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রণয় ভার্মা জানান, ঢাকা-দিল্লি সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে জনগণকেন্দ্রিক আলোচনা হয়েছে। এর মধ্যে ভিসা চালুর বিষয়টিও ছিল। তিনি বলেন, নতুন সরকারের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে কাজ করে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদার করতে ভারত আশাবাদী।

তিনি আরও বলেন, উচ্চপর্যায়ের এসব যোগাযোগে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থনের কথাও তুলে ধরা হয়েছে।

এদিকে একই দিন বিকেলে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। তবে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি।