শনিবার । মার্চ ২১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
শেয়ার

জাহানারা ইস্যুতে মঞ্জুরুল ইসলামকে নিষিদ্ধ করল বিসিবি


monju-jahanara

ছবি: সংগৃহীত

নারী ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ায় সাবেক জাতীয় দলের ক্রিকেটার এবং নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের এক ভার্চ্যুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের কোনো ধরনের কর্মকাণ্ডে তিনি আর কখনোই সম্পৃক্ত হতে পারবেন না বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। তবে অন্য একটি সূত্রের মতে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এর আগে অস্ট্রেলিয়াপ্রবাসী নারী ক্রিকেটার জাহানারা আলম এক সাক্ষাৎকারে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। অভিযোগের প্রেক্ষিতে বিসিবি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। জাহানারা তদন্ত কমিটির কাছেও লিখিতভাবে একই অভিযোগ দাখিল করেন।

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মঞ্জুরুলের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। জাহানারার চারটি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করে কমিটি দুটি অভিযোগের ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণ না পেলেও বাকি দুটি অভিযোগে অসদাচরণের প্রমাণ পেয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঞ্জুরুল ইসলামের কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের নির্দেশিকার আলোকে অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার মধ্যে পড়ে।

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই বোর্ড সভায় তাকে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) কর্মরত মঞ্জুরুল গত বছরের ৩০ জুনের পর থেকে বিসিবির কোনো দায়িত্বে নেই।

এদিকে জাহানারা আলম নারী উইংয়ের প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন। তবে বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তদন্ত কমিটি তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পায়নি।