
ফাইল ছবি
মালয়েশিয়ায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ দিনে দেশটির ইমিগ্রেশন বিভাগ ৭ হাজার ৪৩ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে। এই অভিযানে বিভিন্ন দেশের নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে কোন দেশের কতজন আটক হয়েছে তা প্রকাশ করা হয়নি।
ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অভিযান) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, দেশের অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে ধারাবাহিকভাবে কঠোর ও লক্ষ্যভিত্তিক অভিযান চালানো হচ্ছে। আইন লঙ্ঘনকারীদের সঙ্গে কোনো আপস হবে না।
নির্ধারিত সময়ে ইমিগ্রেশন বিভাগের আইন প্রয়োগ শাখা মোট ১ হাজার ৮৫৫টি অভিযান পরিচালনা করে, যার মধ্যে ৩০ হাজার ১৭৭ জনকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে ৭ হাজার ৪৩ জনকে অবৈধ অবস্থানের দায়ে আটক করা হয়েছে। আটক প্রবাসীদের বিরুদ্ধে ৪ হাজার ৮০৪টি মামলা ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ধারায়, ১ হাজার ২৫০টি মামলা ১৫(১)(সি) ধারায় এবং ৮০৬টি মামলা ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারায় দায়ের করা হয়েছে। বাকি ১৮৩টি মামলা অন্যান্য অপরাধে।
আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ফিলিপাইন, থাইল্যান্ড, পাকিস্তান, ভারত ও চীনের নাগরিক রয়েছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে চলবে।
সাধারণ জনগণকে অভিবাসন আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট তথ্য জানাতে আহ্বান জানানো হয়েছে, যাতে আইন প্রয়োগ কার্যক্রম আরও কার্যকর হয়।








































