
ফাইল ছবি
সারা দেশে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি সাদিক কায়েম।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন। পোস্টে তিনি জানান, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে ডাকসু বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।
ঘোষণা অনুযায়ী, শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে।
পোস্টে সাদিক কায়েম লিখেছেন, সাম্প্রতিক ঘটনাগুলো দেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। ধর্ষণ ও সহিংসতার মতো অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত, নরসিংদীতে ধর্ষণের বিচার দাবি করায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মাঝামাঝি একটি সরিষাখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘিরে দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে ডাকসুর নতুন কর্মসূচি ঘোষণা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।









































