শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
শেয়ার

নির্বাচনে জামায়াতে ইসলামীর হক কেড়ে নেওয়া হয়েছে: শফিকুর রহমান


Shafiqur-Rahman

জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হক কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনে জামায়াতের প্রত্যাশার প্রতিফলন হয়নি এবং পরিকল্পিতভাবেই দলটির প্রার্থীদের হারানো হয়েছে।

শুক্রবার দুপুরে সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, অনেক প্রার্থীকে ১০–১২ হাজার ভোটের ব্যবধানে ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে। কোথাও কোথাও ফল ঘোষণা প্রক্রিয়াও বন্ধ করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ তাদের জানিয়েছে—জামায়াত পরাজিত হয়নি, বরং হারিয়ে দেওয়া হয়েছে।

জামায়াতের সংসদীয় রাজনীতির ইতিহাসে এবারের নির্বাচনকে সবচেয়ে বড় সাফল্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এবার জামায়াতের নেতৃত্বে অর্থবহ রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে, দলটি প্রধান বিরোধী শক্তির ভূমিকা পেয়েছে এবং একযোগে একাধিক শক্তির বিরুদ্ধে লড়াই করে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে।

জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরও বলেন, ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ের জন্য এখন থেকেই কৌশল নির্ধারণ করতে হবে।

স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সমাজের বিভিন্ন স্তর থেকে যোগ্য ও ভালো মানুষ বাছাই করে স্থানীয় সরকার ব্যবস্থায় নেতৃত্বে আনার লক্ষ্য নিয়ে দল কাজ করবে।

অনুষ্ঠান শেষে আজ সিলেটে দলীয় ইফতার মাহফিলসহ পৃথক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের।