বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৫ মার্চ ২০২৬, ৫:১০ পূর্বাহ্ন
শেয়ার

পাকিস্তান সিরিজ দিয়ে ফেরা হচ্ছে না সাকিবের


Shakib al hasan

সাকিব আল হাসান

জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে কয়েক মাস ধরেই আলোচনায় আছেন সাকিব আল হাসান। তবে আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা কার্যত নেই বলেই জানা গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক সূত্র জানিয়েছে, ঘরের মাঠে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে সাকিবকে রাখা হয়নি।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশে ফিরতে পারেননি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলাও আছে। এসব আইনি জটিলতা নিরসনে বিসিবি তাঁর আইনজীবীদের কাছ থেকে মামলার কাগজপত্র সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

এ বিষয়ে কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তিনি জানান, সাকিবের আইনি জটিলতা নিরসনে মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে এবং দ্রুততম সময়ের মধ্যেই তাঁকে বাংলাদেশের ক্রিকেটে ফেরানো হবে।

তবে বাস্তবতা হলো, পাকিস্তান সিরিজে খেলানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। জানা গেছে, আজ–কালকের মধ্যেই পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হতে পারে। নির্বাচক কমিটি বিসিবির কাছ থেকে সাকিবকে দলে রাখার বিষয়ে কোনো সবুজসংকেত পায়নি।

নির্বাচকদের একটি সূত্র জানায়, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিবের ক্ষেত্রে ফিটনেস পরীক্ষা ও অনুশীলন না দেখে দলে নেওয়ার কোনো বাস্তব ভিত্তি নেই। সে কারণেই বিসিবিতে জমা দেওয়া প্রাথমিক স্কোয়াডে তাঁর নাম রাখা হয়নি।

এর আগে সাবেক জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দীন মন্তব্য করেছিলেন, সাকিবকে দলে না চাওয়া মানে বোকার স্বর্গে বাস করা।

বিসিবি সূত্র আরও জানায়, দেশে ফিরতে পারলে সাকিব প্রথমে বোর্ডের ফিজিও ও ট্রেনারদের অধীনে ফিটনেস নিয়ে কাজ করবেন। প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে থাকায় তাঁকে ফেরানোর আগে তাঁর পারফরম্যান্স ঘরোয়া ক্রিকেটে দেখার পরিকল্পনাও রয়েছে নির্বাচক কমিটির।