রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৬ মার্চ ২০২৬, ২:৪৭ অপরাহ্ন
শেয়ার

রুশ তেল কিনতে ভারতকে যুক্তরাষ্ট্রের ছাড়, ইরানের সঙ্গে আলোচনায় চীন


Fuel Oil

মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও হরমুজ প্রণালিতে অচলাবস্থার মধ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভারতের জন্য সাময়িক নীতি পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার কাছ থেকে তেল কেনার ক্ষেত্রে নয়াদিল্লিকে ৩০ দিনের ছাড় দিয়েছে ওয়াশিংটন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ভারতকে সমুদ্রে আটকে থাকা রুশ অপরিশোধিত তেল কেনার অনুমতি দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, বৈশ্বিক তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ট্রেজারি বিভাগ অস্থায়ীভাবে এই ছাড় দিচ্ছে, যাতে ভারতীয় রিফাইনারিগুলো প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে পারে।

তিনি আরও বলেন, এই স্বল্পমেয়াদি অনুমোদনে রাশিয়ার বড় ধরনের আর্থিক লাভ হবে না। কারণ কেবল ইতোমধ্যে সমুদ্রে থাকা তেলের লেনদেনের ক্ষেত্রেই অনুমতি দেওয়া হয়েছে। ইরানের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে যে চাপ তৈরি হয়েছে, তা কমাতেই এই পদক্ষেপ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সরবরাহ সংকট মোকাবিলায় ভারত দ্রুত রুশ অপরিশোধিত তেলের কয়েক মিলিয়ন ব্যারেল কেনার চেষ্টা করছে। বর্তমানে ভারতের তেলের মজুত দিয়ে মাত্র ২৫ দিনের চাহিদা পূরণ করা সম্ভব। দেশটির প্রায় ৪০ শতাংশ তেল আসে মধ্যপ্রাচ্য থেকে, যার বড় অংশই হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

অন্যদিকে, বিবিসির খবরে বলা হয়েছে, তেল ও গ্যাসবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনা করছে চীন। যুদ্ধের কারণে হরমুজ প্রণালির আশপাশে শত শত জাহাজ আটকে থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ বাড়ছে এবং তেলের দামও ঊর্ধ্বমুখী হচ্ছে।

এদিকে জ্বালানি সরবরাহ সংকটের আশঙ্কায় চীন তাদের বড় তেল শোধনাগারগুলোকে সাময়িকভাবে ডিজেল ও পেট্রল রপ্তানি বন্ধ রাখতে বলেছে বলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।