
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট বাতিল করেছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে ট্রাভেল এজেন্সিগুলোকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। এর আগে, ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এই রুটগুলোতে ফ্লাইট বন্ধ ছিল; এবার তা ৮ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটের নতুন সময়সূচি জানানো হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ—ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান—আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ফলে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট সূচি তছনছ হয়ে গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ঢাকা থেকে মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানের পক্ষ থেকে যাত্রীদের নিয়মিত কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

































