রবিবার । মার্চ ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৮ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাজ্যের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার


Abida Islam

আবিদা ইসলাম

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা আবিদা ইসলামকে প্রত্যাহার করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

শনিবার (৭ মার্চ) রাতে কমনওয়েলথের মন্ত্রীপর্যায়ের বৈঠকে অংশ নিতে লন্ডনে পৌঁছে স্থানীয় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বিষয়টিকে একটি ‘সুখবর’ বলেও উল্লেখ করেন।

হুমায়ুন কবির বলেন, লন্ডনের বাংলাদেশ হাইকমিশন দীর্ঘদিন ধরে কমিউনিটির মধ্যে বিভাজন তৈরি করছে এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক ধারা দ্বারা প্রভাবিত করার চেষ্টা চলছিল। তাঁর অভিযোগ, হাইকমিশনের কার্যক্রমে বাংলাদেশের স্বার্থের চেয়ে দলীয় প্রভাব বেশি গুরুত্ব পাচ্ছিল। এসব কারণেই হাইকমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অফিস আদেশ সরকারিভাবে প্রকাশ করা হয়নি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তা আপলোড করা হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে বিভিন্ন পরিবর্তন আনে। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এদিকে কমনওয়েলথের মন্ত্রীপর্যায়ের বৈঠকে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে লন্ডনে গেছেন হুমায়ুন কবির। বৈঠকে সদস্য দেশগুলোর পারস্পরিক স্বার্থ ও সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প