মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক বিজনেস ১০ মার্চ ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
শেয়ার

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান


harmuz

হরমুজ প্রণালি অতিক্রম করছে একটি ওয়েল ট্যাংকার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছে ইরান। সরকারের অনুরোধের পর এ বিষয়ে ইতিবাচক নিশ্চয়তা দিয়েছে দেশটি।

সোমবার (১০ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদীর বৈঠকে এই আশ্বাস পাওয়া যায়। বৈঠকে বাংলাদেশের জ্বালানি তেল ও এলএনজিবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সহযোগিতা চায় ঢাকা, এতে সম্মতি জানায় তেহরান।

তবে একটি শর্তও দিয়েছে ইরান। বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজগুলো হরমুজ প্রণালিতে প্রবেশের আগে তাদের অবস্থান ও পরিচয় ইরান কর্তৃপক্ষকে জানাতে হবে। এতে ভুলবশত কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হবে বলে জানানো হয়েছে।

বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্র জোটের চলমান সংঘাতের কারণে নিরাপত্তা ঝুঁকি ও বিমা সংকট দেখা দেওয়ায় বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় ৯০ শতাংশ কমে গেছে। বিশ্বের শীর্ষস্থানীয় শিপিং কোম্পানিগুলো এই রুটে কার্যক্রম স্থগিত করেছে এবং প্রায় এক হাজার জাহাজ প্রণালির আশপাশে আটকা পড়ে আছে।

এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার। সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানিনির্ভরতা বাড়তে পারে।

এরই মধ্যে বিকল্প সরবরাহ নিশ্চিত করতে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পাঁচ হাজার টন ডিজেল আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেলবাহী একটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর-এ পৌঁছেছে। চলতি সপ্তাহে আরও চারটি জাহাজে মোট ১ লাখ ২০ হাজার ২০৫ টন জ্বালানি দেশে আসার কথা রয়েছে।

সরকার জানিয়েছে, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলো সতর্ক করেছে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানির পাশাপাশি খাদ্যপণ্যের বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।