
ববি হাজ্জাজ ও মামুনুল হক। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা-১৩ আসনের জামায়াত জোটের প্রার্থী মামুনুল হক। আজ বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এই নির্বাচনী আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচনে এই আসনটিতে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির অভিযোগ থাকলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার বিধান রয়েছে। সেই আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই মামুনুল হক তার আসনের ফলাফল বাতিল বা পুনরায় পর্যালোচনার দাবিতে এই পদক্ষেপ নিয়েছেন। বর্তমানে বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ এ সংক্রান্ত মামলাগুলো পরিচালনার জন্য ট্রাইব্যুনাল হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগেও ২৫ জনের বেশি প্রার্থী বিভিন্ন আসনের ফলাফল নিয়ে হাইকোর্টে আপিল করেছেন। আদালত ইতিমধ্যেই সেসব আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন এবং কিছু আসনের ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জামাদি সঠিকভাবে সংরক্ষণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। মামুনুল হকের আবেদনের পর এই আসনে আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়।












































