বুধবার । মার্চ ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শেয়ার

সংসদে সরকারদলীয় সংসদীয় দলের বৈঠক শুরু


BNP parliamentary party

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে সরকারি দলের প্রথম সংসদীয় সভা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে এই সভা শুরু হয়। সংসদ সচিবালয় ও বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ সংসদ অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।

গত সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিষয়ে জানানো হয়েছিল। এতে বলা হয়েছিল, সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

এ ছাড়া বৈঠকে সংসদীয় কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সংসদের অন্যান্য কর্মসূচি নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করবেন সরকারদলীয় সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সে অনুযায়ী, আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন।

সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশন কত দিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল ঠিক হবে।