
ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১১ মার্চ) ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ।
২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশ ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে। আগামী ৩১ মার্চ ২০২৭ সালের মধ্যে র্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে পারলেই বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে দলটি।
বাংলাদেশের মাটিতে সর্বশেষ ২০১৫ সালে ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান। সেই সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। এরপর গত বছর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসে দলটি, যেখানে ২-১ ব্যবধানে হেরে যায় সফরকারীরা।
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৩৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫টি ম্যাচে, আর পাকিস্তান জয় পেয়েছে ৩৪টিতে।







































