বুধবার । মার্চ ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১১ মার্চ ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
শেয়ার

বিড়াল হত্যার দায়ে ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা


নাফিসা নওরীন চৌধুরী

রাজধানীর মোহাম্মদপুরে পোষা বিড়ালকে লাথি মেরে ও পা দিয়ে পিষে হত্যার দায়ে আকবর হোসেন শিবলু নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ মার্চ) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এই রায় ঘোষণা করেন।

রায়ে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী গত বছরের ১ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলায় মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়াল নিখোঁজ হয়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায় আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন। একপর্যায়ে বিড়ালটি নিথর হয়ে পড়লে তিনি পা দিয়ে চেপে ধরে সেটির মৃত্যু নিশ্চিত করেন।

ঘটনার পর ‘পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ার’-এর পক্ষ থেকে নাফিসা নওরীন চৌধুরী আদালতে মামলার আবেদন করেন। মোহাম্মদপুর থানা পুলিশ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করলে গত বছরের ১৪ জুলাই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। মামলায় মোট চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত নিশ্চিত হন যে আসামি ইচ্ছাকৃতভাবে এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে বিড়ালটিকে হত্যা করেছেন। পশু অধিকার রক্ষায় এই রায়কে একটি মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।