
বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার কায়সার কামাল
জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। অন্যদিকে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১২মার্চ) সকাল ১১টায় স্পিকার ছাড়াই শুরু হয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। আগের স্পিকার নিখোঁজ ও ডেপুটি স্পিকার কারাগারে থাকায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনে সভাপতিত্ব করার জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন।
বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার প্রস্তাব সমর্থন করেন।
এরপর ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। তিার সভাপতিত্বে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়।
পরবর্তিতে স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।




































