
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। সংগৃহীত ছবি
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় থেকে আশ্বাস পাওয়া গেছে বলে তিনি জানান। জ্বালানি সংকটের কারণে গণপরিবহনের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন।
শুক্রবার ঈদ উপলক্ষ্যে ট্রেনযাত্রা শুরুর প্রথম দিনে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, জ্বালানির কারণে পরিবহন সংকট তৈরি হওয়ার কোনো সুযোগ নেই।
ঈদযাত্রার চ্যালেঞ্জের বিষয়ে মন্ত্রী বলেন, মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে দেড় কোটি মানুষ ঢাকা ছেড়ে যান, যা বিশ্বের খুব কম শহরেই দেখা যায়। এত স্বল্প সময়ে বিপুল সংখ্যক মানুষের যাতায়াত নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হলেও সরকার তা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে।
রেল চলাচল স্বাভাবিক রাখতে অন্তত ৮৫ থেকে ৮৭টি লোকোমোটিভ প্রয়োজন বলে জানান তিনি। বর্তমানে ৭৮টি লোকোমোটিভ যুক্ত করা হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে আরও কয়েকটি যুক্ত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।






































