শুক্রবার । মার্চ ১৩, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৩ মার্চ ২০২৬, ৯:২০ পূর্বাহ্ন
শেয়ার

রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র


russian-ship

রাশিয়ান তেলবাহী জাহাজ। ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে রাশিয়ার তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) এ বিষয়ে একটি বিশেষ লাইসেন্স জারি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১১ এপ্রিল পর্যন্ত জাহাজে বোঝাই করা রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা তদারককারী সংস্থা অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) এ সংক্রান্ত একটি চিঠি অনলাইনে প্রকাশ করেছে।

এর আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিবাদে রুশ তেল বিক্রির ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ইরানের সৃষ্ট আঞ্চলিক অস্থিরতা মোকাবিলা এবং বিশ্বজ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তেলের দাম নিয়ন্ত্রণে রাখাও এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।

নতুন লাইসেন্স অনুযায়ী, ১২ মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা রুশ তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। এর ঠিক একদিন আগে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ১৭২ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণাও দিয়েছিল।

এর আগে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সরকারি মজুত থেকে প্রায় ৪০০ মিলিয়ন ব্যারেল তেল অবমুক্ত করার নির্দেশ দেয়, যা তাদের ইতিহাসে সবচেয়ে বড় তেল ছাড়ের সিদ্ধান্ত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান এখনো তেল রপ্তানি অব্যাহত রেখেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পারস্য উপসাগরীয় কিছু দেশের তেল রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাজারে ইরানি তেলের চাহিদা ও দাম দুটিই বেড়ে গেছে।