শুক্রবার । মার্চ ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ মার্চ ২০২৬, ৭:১৬ অপরাহ্ন
শেয়ার

আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে


mirza-abbas

ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকদের পরামর্শে দেশেই তাঁর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিন জানান, শুক্রবার সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হলে রিপোর্টে তাঁর শারীরিক অবস্থার অবনতি ধরা পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পরিবারের সদস্যদের সম্মতি নিয়ে শুক্রবার দুপুর ৩টা ১০ মিনিটে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি তাঁর সামনে তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর সফরের পর ডা. রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, মির্জা আব্বাসের পরিবার বর্তমানে দেশীয় চিকিৎসার ওপর আস্থা রেখেছে। তবে পরবর্তীতে প্রয়োজন হলে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।