শনিবার । মার্চ ১৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৪ মার্চ ২০২৬, ৭:৪৮ পূর্বাহ্ন
শেয়ার

ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলা


Kharg-Island

ছবি: সংগৃহীত

ইরানের তেলের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত এবং হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্বপূর্ণ ‘খারগ দ্বীপে’ ভয়াবহ বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে।

ট্রাম্প তার পোস্টে জানান, মার্কিন সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলাটি চালিয়েছে। এই অভিযানে খারগ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু সফলভাবে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ট্রাম্প এই দ্বীপটিকে ইরানের ‘মুকুটের মণি’ বা ‘রাজমুকুট’ হিসেবে অভিহিত করে বলেন, সেখানে থাকা সব সামরিক অবকাঠামো এখন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তবে কৌশলগত কারণে দ্বীপটিতে অবস্থিত তেলের স্থাপনাগুলোকে আপাতত হামলার আওতামুক্ত রাখা হয়েছে বলে জানান ট্রাম্প। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি এখনো তেল অবকাঠামো ধ্বংস করার সিদ্ধান্ত নেইনি। তবে ইরান যদি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা ব্যাহত করার চেষ্টা করে, তবে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

ইরানকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে তিনি আরও বলেন, দেশটিকে বাঁচাতে হলে এখনই তাদের অস্ত্র সমর্পণ করা উচিত।

উল্লেখ্য, পারস্য উপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত খারগ দ্বীপ ইরানের অর্থনীতির মূল স্তম্ভ। ইরানের মোট জ্বালানি তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপের মাধ্যমে সম্পন্ন হয়। এখান থেকেই অপরিশোধিত তেল বিশ্ববাজারে রপ্তানি করা হয়।

বিশ্লেষকদের মতে, খারগ দ্বীপে এই হামলা সরাসরি ইরানের অর্থনৈতিক মেরুদণ্ডে আঘাত করার শামিল। এই হামলার খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা ও মূল্যবৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এই অভিযান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরো ভয়াবহ মাত্রায় নিয়ে গেল।