
ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-এর মস্তিষ্কে কোনো রক্তক্ষরণ পাওয়া যায়নি। তবে তার শরীরে ইনফেকশন ধরা পড়েছে। সফল অস্ত্রোপচারের পর বর্তমানে তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।
তিনি বলেন, মির্জা আব্বাসের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে তার শরীরে একটি ইনফেকশন ধরা পড়েছে। এই মুহূর্তে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে কি না, তা তার শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে।
বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসের সিটি স্ক্যান রিপোর্ট সন্তোষজনক। তবে তাকে যে ধরনের বিশেষায়িত সাপোর্ট ও নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন, তার সব সুবিধা দেশে পর্যাপ্ত নেই। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে।
এর আগে গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।





































