শুক্রবার । মার্চ ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শেয়ার

দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন


mirza-abbas

ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন ছিল। তবে তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটায় চিকিৎসকরা তাঁকে বিদেশে নেওয়ার ঝুঁকি না নিয়ে দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী বিকেল ৩টার পর তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সন্ধ্যার আগেই প্রথম দফার অপারেশন শেষ হওয়ার পর তাঁর শারীরিক পরিস্থিতি পর্যালোচনায় দ্বিতীয় দফায় আবারও অস্ত্রোপচার করা হয়।

এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি তাঁর সামনে তুলে ধরেন।

মির্জা আব্বাসের চিকিৎসায় গঠিত উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ এবং অধ্যাপক শফিকুল ইসলামসহ একদল বিশেষজ্ঞ চিকিৎসক।

উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।