রবিবার । মার্চ ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৫ মার্চ ২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে


mirza-abbas

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। আজ রোববার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে। তাঁর সঙ্গে যাচ্ছেন সহধর্মিণী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে করা মস্তিষ্কের সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এর আগে গত বৃহস্পতিবার ইফতারের পর মাগরিবের নামাজ পড়ার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ভার্চুয়াল মেডিক্যাল বোর্ড বসে এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দুই দফায় তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর সাবেক এই মন্ত্রীকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। শুক্রবার দুপুরে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন।

এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।