রবিবার । মার্চ ১৫, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৫ মার্চ ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
শেয়ার

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ ঘোষণা আইআরজিসির


netanyahu

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু || ফাইল ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা হত্যার হুমকি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। রবিবার (১৫ মার্চ) আইআরজিসির এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মাঝে রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী।

আইআরজিসি তাদের বার্তায় নেতানিয়াহুকে “শিশু হত্যাকারী অপরাধী” হিসেবে আখ্যায়িত করেছে এবং স্পষ্টভাবে জানিয়েছে যে, তিনি বেঁচে থাকলে তারা তাকে খুঁজে বের করে হত্যা করার চেষ্টা চালাবে। এই হুমকি প্রকাশিত হয়েছে ইরানি গণমাধ্যমের মাধ্যমে।

প্রেক্ষাপট হিসেবে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাজা এবং লেবাননসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সামরিক সংঘর্ষ এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ইরানকে এই কঠোর প্রতিক্রিয়া নিতে প্ররোচিত করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের সরাসরি হুমকি দুই দেশের মধ্যে উত্তেজনাকে একটি নতুন এবং ভয়াবহ মাত্রায় নিয়ে গেছে। এর ফলে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতিও অতিমাত্রায় বিপজ্জনক হয়ে উঠতে পারে। বিশেষ করে, যদি ইরান কার্যকর কোনো অভিযান শুরু করে, তাহলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি হতে পারে।

এই ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নেতানিয়াহুর উপর এমন হুমকি শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব রাজনীতিতে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় বড় প্রভাব ফেলতে পারে।