
ঈদের দিন বন্দিদের জন্য সকাল, দুপুর এবং রাতে ভিন্ন ভিন্ন পদের খাবার পরিবেশন করা হবে।
পবিত্র ঈদুল ফিতরের দিন কারাগারের চার দেয়ালের ভেতরেও বইবে আনন্দের হাওয়া। কারাবন্দিদের ঈদের খুশি ভাগ করে নিতে প্রতি বছরের মতো এবারও দেশের সব কারাগারে বিশেষ খাবারের পাশাপাশি ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদের দিন বন্দিদের জন্য সকাল, দুপুর এবং রাতে ভিন্ন ভিন্ন পদের খাবার পরিবেশন করা হবে।
সকাল: ঈদের নামাজের জামাত শেষে বন্দিদের সকালের নাস্তায় দেওয়া হবে মিষ্টি ও সেমাই বা পায়েস এবং সাথে থাকবে মুড়ি।
দুপুর: দুপুরের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে পোলাও বা সাদা ভাত, গরুর মাংস (ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস), মুরগির রোস্ট এবং রুই মাছ। এর পাশাপাশি আলুর দম এবং মুখশুদ্ধি হিসেবে পান-সুপারির ব্যবস্থাও থাকবে।
সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, বন্দিদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই এই বিশেষ আয়োজন। কারাগারের অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী বন্দিরা একযোগে ঈদের জামাতেও শরিক হবেন। কারা কর্তৃপক্ষের লক্ষ্য হলো, এই বিশেষ দিনে বন্দিরা যেন একাকীত্ব বোধ না করেন এবং সমাজের মূল ধারার উৎসবের অংশ হতে পারেন।
দেশের সব কারাগারে ইতোমধ্যে এই বিশেষ আয়োজন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কারা অধিদপ্তর।










































