
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম কোনো জেলা সফর দিনাজপুর
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার (১৬ মার্চ) দিনাজপুর থেকে এক বিশাল উন্নয়ন কর্মযজ্ঞের শুভ সূচনা করতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম কোনো জেলা সফর। আজ সকালে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে সাহাপাড়া খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এর মাধ্যমেই দেশের ৫৪টি জেলায় একযোগে শুরু হবে খাল খনন কর্মসূচি।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, নদী-নালা ও খাল-বিল পুনখননের এই বিশাল প্রকল্পের প্রথম ছয় মাসে ১ হাজার ২০০ কিলোমিটার খনন করার লক্ষ্য নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে পর্যায়ক্রমে মোট ২০ হাজার কিলোমিটার নদী ও জলাধার খনন করা হবে, যা দেশের কৃষি ও পরিবেশ রক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।
সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে তিনি সরাসরি কর্মসূচিস্থলে পৌঁছাবেন। খাল খনন উদ্বোধনের পর তিনি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করবেন এবং স্থানীয় জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।
রাষ্ট্রীয় কাজের পাশাপাশি বিকেল সাড়ে তিনটায় দিনাজপুর উপশহর এলাকার ফরিদপুর কবরস্থানে তাঁর নানা-নানি ও নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর বিকেল পাঁচটায় শহরের ঐতিহাসিক গোর-এ-শহিদ বড় ময়দানে আয়োজিত এক বিশাল সুধী সমাবেশে অংশ নেবেন এবং সেখানে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেবেন। সন্ধ্যা পৌনে সাতটায় তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।










































