বৃহস্পতিবার । মার্চ ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৯ মার্চ ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
শেয়ার

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদের শুভেচ্ছা


tareque-modi

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রীকে পাঠানো এক বিশেষ চিঠিতে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘মহামান্য, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।’

ভারতের প্রধানমন্ত্রী চিঠিতে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘বিগত এক মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় অতিবাহিত করেছেন। ঈদুল ফিতরের এই উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।’

বিশ্বশান্তি কামনা করে নরেন্দ্র মোদি চিঠিতে আরও উল্লেখ করেন, ‘আমরা বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা ও প্রার্থনা করি। আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আগামীতে আরও দৃঢ় হবে বলে আমি প্রত্যাশা করি।’

চিঠির শেষাংশে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেন এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই শুভেচ্ছা বিনিময় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ইতিবাচক উচ্চতায় নিয়ে যাবে।