শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শেয়ার

দিল্লিতে জয়শংকরের সাথে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক


joy-sangkor

ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। শুক্রবার (২০ মার্চ) দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উভয় পক্ষই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্টের মাধ্যমে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এস জয়শঙ্কর তাঁর পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য ছিল দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া।’

হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাঁর প্রতিক্রিয়ায় জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়ে তিনি আনন্দিত। তিনি আরও উল্লেখ করেন, ‘অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বাংলাদেশ যে সর্বদা প্রস্তুত, সেই বিষয়টি আমি নিশ্চিত করেছি।’

উল্লেখ্য, গত বছরের আগস্টে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে সাক্ষাৎ করলেও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এটিই রিয়াজ হামিদুল্লাহর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

এদিকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, আগামী এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে যেতে পারেন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে মরিশাস যাওয়ার পথে আগামী ৮ এপ্রিল তিনি দিল্লিতে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি ও সফর করতে পারেন বলে জানা গেছে।