
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মাঝে ইসরাইলের মাটিতে সরাসরি আঘাত হানল ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অত্যাধুনিক ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ব্যর্থ করে দিয়ে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে দক্ষিণাঞ্চলীয় শহর আরাদের একটি জনবহুল আবাসিক এলাকায়।
স্থানীয় সময় শনিবার (২১ মার্চ) গভীর রাতে ঘটা এই হামলায় মুহূর্তেই একটি ভবন ধসে পড়ে রণক্ষেত্রে পরিণত হয় চারপাশ। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে দুইবার চেষ্টা চালানো হলেও ইন্টারসেপ্টরগুলো লক্ষ্যভ্রষ্ট হয়। কেন এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করেনি, তা নিয়ে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
হামলার শিকার আরাদ শহরের কেন্দ্রস্থলে ৯টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৩টি পুরোপুরি বিধ্বস্ত হওয়ার পথে। ইসরাইলি জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড আদম’ জানিয়েছে, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা অত্যন্ত গুরুতর, যার মধ্যে ৫ বছর বয়সী এক শিশুও রয়েছে।
এদিকে, এই হামলার দায় স্বীকার করে ইরান জানিয়েছে, এটি তাদের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে সাম্প্রতিক হামলার সরাসরি জবাব। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই রাতটিকে ‘জাতির জন্য এক কঠিন পরীক্ষা’ হিসেবে অভিহিত করেছেন এবং উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে ইসরাইলের শিক্ষা মন্ত্রণালয় রোববার ও সোমবার দেশজুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।






































