সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শেয়ার

আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস


Weather

ফাইল ছবি

আগামী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির এই প্রবণতা ধাপে ধাপে বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে সোমবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, ২৩ থেকে ২৬ মার্চের মধ্যে বৃষ্টির পরিধি ক্রমান্বয়ে বাড়বে। ২৩ মার্চ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ২৪ মার্চ থেকে এর বিস্তার আরও বাড়তে পারে। ওই দিন রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৫ ও ২৬ মার্চও ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ৫ দিনের সময়সীমার শেষের দিকে এসে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এই সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।