মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ মার্চ ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
শেয়ার

দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী


Tuku

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

দেশে জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। তিনি সবাইকে অপ্রয়োজনীয়ভাবে তেল মজুত না করার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনের বেশি তেল না নিলে সংকট তৈরি হবে না। সরকার ভর্তুকি দিয়ে হলেও জ্বালানি তেল আমদানি অব্যাহত রেখেছে এবং জনগণের কথা বিবেচনায় দামও বাড়ানো হয়নি।

তিনি আরও জানান, গত বছরের তুলনায় বর্তমানে প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। ঈদ উপলক্ষে দুদিন সরবরাহ বন্ধ থাকায় সাময়িক চাপ তৈরি হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন দাবি করেছে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যে কোনো সময় দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাদের এই বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।