
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের তীব্র সংকট ও জনভোগান্তি চরমে পৌঁছেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই তালিকায় যুক্ত হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (২৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তেল না পাওয়ার তিক্ত অভিজ্ঞতার কথা জানান। দীর্ঘ অপেক্ষার পর ব্যর্থ হয়ে তিনি লিখেন, ‘৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না।’ তার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের ভোগান্তির চিত্রটি আরও স্পষ্ট করে তোলে।
মূলত মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দেশে তেলের ঘাটতি নিয়ে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। এই আতঙ্কের ফলে অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করতে পাম্পগুলোতে ভিড় করছেন, যার ফলে সৃষ্টি হচ্ছে কৃত্রিম সংকট ও দীর্ঘ জট।
তবে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার এবং অতিরিক্ত তেল না কেনার জোর আহ্বান জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক আছে। মন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ নিবিড়ভাবে কাজ করছে।










































