বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৫ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শেয়ার

ঢাকার যানজট নিরসনে সরকারের মহাপরিকল্পনা


trafic

ফাইল ছবি

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি এই পরিকল্পনার মাধ্যমে এপ্রিলের শেষ নাগাদ যানজট পরিস্থিতির দৃশ্যমান উন্নতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের মূল সিদ্ধান্তসমূহ:
১. ঢাকার ১২০টি ট্রাফিক সিগন্যাল দেশীয় প্রযুক্তিতে অটোমেশন করা হবে।
২. শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক এবং ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করা হবে।
৩. যত্রতত্র থাকা বাস কাউন্টার সরিয়ে শহরের বাইরে পাঁচটি আন্তঃজেলা বাস টার্মিনাল স্থাপন করা হবে, যা সিটি সার্ভিসে ব্যবহৃত হবে।
৪. রাস্তার দুই পাশ দখলমুক্ত করা হবে এবং মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটি অপসারণ করা হবে।
৫. লেভেল ক্রসিংয়ে ম্যানুয়াল ব্যবস্থার পাশাপাশি অটো সিগন্যাল লাইটিং চালু করা হবে।
৬. সিটি বাসগুলোকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ব্যবস্থার আওতায় আনা হবে।
৭. ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি এবং হাসপাতাল এলাকায় লিফট স্থাপন করা হবে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আগামী এক মাসের মধ্যে এসব পরিকল্পনার প্রাথমিক ধাপগুলো বাস্তবায়ন করা হবে। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয় করবেন শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি।

বিশেষ এই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।