বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৫ মার্চ ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
শেয়ার

দৌলতদিয়া ফেরিঘাট

নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা


Bus cover

সংগৃহীত ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাসটিতে ৪৩ জন যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছেন পরিবহনটির রাজবাড়ী কাউন্টারের ম্যানেজার সিরাজ আহমেদ। তিনি জানান, দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপারের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

এ পর্যন্ত সাতজনকে আহত অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, এখনও বহু যাত্রী নিখোঁজ রয়েছেন।

দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটি ঘাটের ৩ নম্বর পন্টুনে ওঠার মুহূর্তে সোজা নদীতে পড়ে যায়। যে স্থানে বাসটি ডুবে গেছে, সেখানে পানির গভীরতা অনেক বেশি। খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করলেও এখন পর্যন্ত ডুবন্ত বাসটি চিহ্নিত বা উদ্ধার করা সম্ভব হয়নি।

Bus-accident

বাসে থাকা যাত্রীদের অধিকাংশই ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজে ব্যস্ত থাকায় বিআইডব্লিউটিসি, গোয়ালন্দ ঘাট থানা ও ফায়ার সার্ভিসের কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার তদারকি করছেন।