
মোহাম্মদ যুলঘাদর
গত সপ্তাহে বিমান হামলায় নিহত আলী লারিজানির শূন্য পদে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ নিরাপত্তা কৌশলবিদ মোহাম্মদ যুলঘাদর। দেশটির অন্যতম সংবেদনশীল এই পদে বসে তাকে এখন যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জের কঠিন সমন্বয় সামলাতে হবে।
মোহাম্মদ যুলঘাদরকে দীর্ঘদিন ধরে ইরানের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রথম প্রজন্মের সদস্য ছিলেন এবং ইরান-ইরাক যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। আট বছর আইআরজিসির জয়েন্ট স্টাফের প্রধান, আরও আট বছর ডেপুটি কমান্ডার-ইন-চিফসহ সামরিক ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৩ সাল থেকে তিনি এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সচিব হিসেবেও দায়িত্বে ছিলেন।
বিশ্লেষকদের মতে, এমন জটিল পরিস্থিতিতে যুলঘাদরের নিয়োগ ইরানের অভিজ্ঞ, রাজনৈতিকভাবে পরিপক্ব এবং কঠিন নিরাপত্তা সংকট মোকাবিলায় সক্ষম একজন নেতৃত্ব প্রয়োজনের ইঙ্গিত দেয়। তবে আলী লারিজানির রেখে যাওয়া শূন্যতা পূরণ করা তার জন্য সহজ হবে না বলেও মত দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সূত্র: আল জাজিরা


































