
ট্রাকচাপায় দুমড়েমুচড়ে গেছে অটোরিকশা। ছবি: সংগৃহীত
নাটোরের লালপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়ে আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন— লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া এলাকার মৃত জোয়াকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৫০), বড়বাদকয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনির (২৭) এবং ছোটবাদকয়া গ্রামের ফজলুর ছেলে বাবুল (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পেঁয়াজ তোলার কাজের জন্য একটি অটোরিকশা ভাড়া করে সাতজন শ্রমিক ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে চারঘাট এলাকায় মনিরের মৃত্যু হয় এবং রাজশাহী মেডিকেলে পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় বাবুল মারা যান।
আহতদের মধ্যে রাজিবুল ইসলাম লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাউসার জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাদের রাজশাহীতে স্থানান্তর করা হয়েছিল।
লালপুর থানার ওসি মজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাক চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।









































