
খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের কমান্ডার আলি আব্দোল্লাহি
ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার দাবি করেছেন, যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের সঙ্গে সংঘাত থেকে বের হওয়ার উপায় খুঁজছেন।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের কমান্ডার আলি আব্দোল্লাহি বলেছেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে গভীরভাবে জড়িয়ে পড়েছে এবং এখন আঞ্চলিক নেতাদের মাধ্যমে পরিস্থিতি থেকে বের হওয়ার চেষ্টা করছে।
মঙ্গলবার ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, মাঠের বাস্তবতা বুঝে এবং নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ট্রাম্প এখন কিছু দেশের নেতাদের কাছে যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন।
তিনি এই পরিস্থিতিকে ইরানি জনগণের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন এবং দাবি করেন, ইরানের প্রতিরোধ যুক্তরাষ্ট্রকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে।
আব্দোল্লাহি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক পরিকল্পনা ছিল ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে অস্থিতিশীল করে ফেলা এবং শীর্ষ নেতৃত্বকে টার্গেট করা। তবে ইরানের প্রতিরোধের কারণে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য যোগাযোগ নিয়ে পরস্পরবিরোধী তথ্য সামনে আসছে। সোমবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, গত দুই দিনে ইরানের সঙ্গে “খুব ভালো ও ফলপ্রসূ” আলোচনা হয়েছে। তবে ইরানি কর্মকর্তারা এই দাবি অস্বীকার করেছেন।
ট্রাম্প একই সঙ্গে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর পরিকল্পিত হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন, যা কূটনৈতিক সমাধান বা কৌশলগত পুনর্বিন্যাসের সম্ভাবনা নিয়ে নতুন জল্পনা তৈরি করেছে।


































