
সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত অধ্যাদেশ-সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির মুলতবি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।
আইনমন্ত্রী জানান, সংবিধান ও জুলাই সনদকে প্রাধান্য দিয়ে অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করা হয়েছে। জুলাই সনদ সম্পর্কিত চারটি অধ্যাদেশের বিষয়ে কমিটির সব সদস্যের মতৈক্য হয়েছে।
তিনি বলেন, “প্রায় সব অধ্যাদেশ নিয়েই কাজ সম্পন্ন হয়েছে। যে কয়েকটি বাকি আছে, সেগুলো আগামী ২৯ তারিখের বৈঠকে আলোচনা করা হবে। পর্যালোচনা শেষ হলে রিপোর্ট জমা দেওয়া হবে।”
জুলাই সনদকে ‘অত্যন্ত স্পর্শকাতর ও সম্মানজনক’ উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, “জুলাই সনদের বাইরে এখন পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ নেয়নি। সংবিধান ও জুলাই সনদ—দুটোকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”




































