
‘দ্য কিংস ওয়ার্ডেন’ সিনেমার একটি দৃশ্য।
দক্ষিণ কোরিয়ার সিনেমা ইন্ডাস্ট্রি আবারও তাদের শক্তির প্রমাণ দিল। ঐতিহাসিক ড্রামা ঘরানার সিনেমা ‘দ্য কিংস ওয়ার্ডেন’ বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। দেশটির সর্বকালের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় এখন এক নম্বরে উঠে এসেছে এই ছবিটি।
কোরিয়ান ফিল্ম কাউন্সিলের তথ্য অনুযায়ী, সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৯৫ দশমিক ৩ মিলিয়ন ডলারে। এর মাধ্যমে এটি পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় ছবি ‘এক্সট্রিম জব’ (৯৩ দশমিক ৭ মিলিয়ন ডলার) ও ‘দ্য অ্যাডমিরাল: রোরিং কারেন্টস’-এর (৯১ দশমিক ১ মিলিয়ন ডলার) আগের সব রেকর্ড। সংশ্লিষ্টরা বলছেন, এই অর্জন শুধু একটি চলচ্চিত্রের সাফল্য নয়, বরং বিশ্বজুড়ে কোরিয়ান সিনেমার ক্রমবর্ধমান জনপ্রিয়তারই প্রতিফলন।
মজার বিষয় হলো, আয়ের দিক থেকে এক নম্বরে থাকলেও দর্শকসংখ্যার বিচারে ‘দ্য কিংস ওয়ার্ডেন’ এখনো তৃতীয় স্থানে রয়েছে। ছবিটি এ পর্যন্ত দেখেছেন প্রায় ১ কোটি ৪৭ লাখ দর্শক। অন্যদিকে ‘এক্সট্রিম জব’ ১ কোটি ৭৬ লাখ ও ‘দ্য অ্যাডমিরাল: রোরিং কারেন্টস’ দেখেছেন ১ কোটি ৬২ লাখ দর্শক। অর্থাৎ দর্শক সংখ্যা কম হলেও টিকিটের উচ্চমূল্য এই আয়ের রেকর্ড গড়তে বড় ভূমিকা রেখেছে।
২০ থেকে ২২ মার্চ সপ্তাহান্তে ছবিটি আয় করেছে ৫ দশমিক ৩ মিলিয়ন ডলার এবং বাজারের ৫২ শতাংশের বেশি দখল ধরে রেখেছে। সপ্তম সপ্তাহেও ছবিটির এমন শক্ত অবস্থান বক্স অফিসে এর একাধিপত্য প্রমাণ করে। জং হাং-জুন পরিচালিত এই সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়ো হায়ে-জিন ও পার্ক জি-হুন।
চলতি সপ্তাহে কোরীয় বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে রয়েছে হলিউডের ‘প্রজেক্ট হেইল মেরি’, যা আয় করেছে ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে ‘হপার্স’, ‘অ্যাটাক অন টাইটান দ্য মুভি: দ্য লাস্ট অ্যাটাক’ এবং ‘মেথড অ্যাক্টিং’-এর মতো আলোচিত সিনেমাগুলো।
উল্লেখ্য যে, বিশ্ববিখ্যাত সিনেমা ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় আবার নতুন করে মুক্তি পেয়েছে এবং সেটিও বক্স অফিসের তালিকায় জায়গা করে নিয়েছে। ‘প্যারাসাইট’-এর অস্কার জয় থেকে শুরু করে কে-পপের বিশ্বজয়—এই ধারাবাহিকতায় ‘দ্য কিংস ওয়ার্ডেন’-এর এই সাফল্য কোরীয় সংস্কৃতির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।








































