
আনুশকা শর্মা।
দীর্ঘ আট বছরের বিরতি শেষে রুপালি পর্দায় ফিরছেন বলিউড তারকা আনুশকা শর্মা। তবে তাঁর প্রত্যাবর্তন বলিউডে নয়—সরাসরি দক্ষিণী সিনেমার এক বিশাল বাজেটের সায়েন্স ফিকশন ছবিতে। এই ছবির পরিচালক দক্ষিণের সফল নির্মাতা অ্যাটলি, আর তারকা সমাবেশে ভরপুর এই প্রজেক্টে আনুশকার বিপরীতে থাকছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। দুজনকে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে।
ছবিটি ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আল্লু অর্জুনকে দেখা যাবে একাধিক ভিন্ন চরিত্রে, আর আনুশকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যুক্ত হচ্ছেন বলিউডের তিন শীর্ষ অভিনেত্রী—দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা ও জাহ্নবী কাপুর। ফলে এটিকে বলা হচ্ছে দক্ষিণ–উত্তর মিলিয়ে এক বিরল তারকাবহুল প্রজেক্ট।
২০১৮ সালে শাহরুখ খানের সঙ্গে জিরো সিনেমা ব্যর্থ হওয়ার পর চলচ্চিত্র থেকে দূরে সরে ছিলেন আনুশকা। এ সময় তিনি ব্যক্তিগত জীবন ও মাতৃত্বকে গুরুত্ব দেন। ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’–এ অভিনয় করলেও সেটি এখনও মুক্তির অপেক্ষায়।
চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, অ্যাটলির এই মেগা প্রকল্পটি আনুশকার ক্যারিয়ারের জন্য হতে পারে বড় ধরনের ‘গেম চেঞ্জার’। নতুন ঘরানায় কাজ, দক্ষিণের বিশাল দর্শকঘর এবং একাধিক সুপারস্টারের উপস্থিতি—সব মিলিয়ে এই প্রত্যাবর্তন তাঁর ক্যারিয়ারে নতুন অধ্যায় যোগ করতে চলেছে।










































