
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের উদীয়মান মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া
শুটিং শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের উদীয়মান মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া। গত ২৩ মার্চ রাতে রাজস্থানের জয়পুরের মানসরোবর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।
পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে নিজের ওয়াগন আর গাড়ি চালিয়ে ফিরছিলেন হর্ষিল। নগর নিগম অফিসের কাছে একটি মোড় ঘোরার সময় দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে তিনি মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হর্ষিল কালিয়া কেবল একজন অভিনেত্রীই ছিলেন না, তিনি ছিলেন একাধারে মডেল, কত্থক নৃত্যশিল্পী এবং সাবেক সংবাদ উপস্থাপিকা। আইআইএস ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় উচ্চশিক্ষা শেষে বাবার পথ অনুসরণ করে সংবাদ উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে বিনোদন জগতে পা রেখে ব্যাপক পরিচিতি পান।
অভিনয় জীবনে তিনি জিও-হটস্টারের ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘ক্রাইম নেক্সট ডোর’-এ অভিনয় করে পরিচিতি পান। এছাড়া ‘হাট পাগলি’সহ বেশ কিছু জনপ্রিয় রাজস্থানি ও হিন্দি মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে। মডেলিং ক্যারিয়ারে ২০২১ সালে ‘মিস ডিভা রাজস্থান’ প্রতিযোগিতায় তিনি ফার্স্ট রানার-আপ হন এবং ‘মিস পিঙ্ক সিটি’র ফাইনালিস্ট ছিলেন।
তার এই অকাল মৃত্যুতে রাজস্থানি ও হিন্দি বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন।









































