
ছবি: সংগৃহীত
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার মৃত আজিমদ্দিনের ছেলে।
আজ শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি বগুড়ার একটি বিশেষ দল ঢাকা মেট্রোপলিটন এলাকার রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি তিনি। গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক মামলাসহ মোট ১০টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
জাতীয় পার্টির এই নেতাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে দ্রুত আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। তার গ্রেপ্তারের খবরে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।









































